মাছে-ভাতে বাঙ্গালির প্রিয় মাছ হলো যে কোনো গুড়া মাছ। সেটা দেশিটা হলেই বেশি ভাল। গুড়া মাছ দিয়ে বেগুন চচ্চড়ি তো টেস্ট বটেই; আর সেই গুড়া মাছ যদি শুটকি হয় তাহলে তো আরো টেস্ট। মুখে লেগে থাকার মতো একটা রান্না। গুড়া মাছের শুটকির মধ্যে বিভিন্ন ধরনের মাছ থাকতে পারে। তবে আজকের রেসিপিতে থাকছে সামুদ্রিক মলা মাছের শুটকি। চলুন দেখে নেয়া যাক সামুদ্রিক মলা মাছের শুটকি দিয়ে বেগুন চচ্চড়ি।

উপকরণঃ আড়াইশ’ গ্রাম সামুদ্রিক মলা শুটকি, এক কাপ পেঁয়াজ কুচি, এক কাপ ছোট রসুনের কোয়া, ৪-৫টা কাঁচা মরিচ, দুইশ’ গ্রাম কালো বেগুন, ধনিয়া পাতা। আর মশলায় আছে – হলুদ গুড়া, মরিচ গুড়া। যথারীতি পরিমাণ মত লবণ, তেল ও পানি।

যেভাবে রান্না করবেন:

প্রথমে মলা শুটকী অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে।

কড়াইতে তেল গরম করে সামান্য লবণ যোগে পেঁয়াজ, রসুন ভাজতে থাকুন। শুঁটকী মাছে একটু বেশী তেল দিতে হয় এতে মলা শুটকীর স্বাদ বেড়ে যায়।

এরপর ধোয়া শুঁটকী মাছ দিয়ে দিন। ভাল করে ভেজে নিন।

বেগুনের টুকরা গুলো দিয়ে দিন এবং ভাজতে থাকুন। লম্বা বেগুন শুটকীর সাথে যায় ভাল।

হালকা আঁচে উলটা পালটা করে ভাজুন। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিন। চমৎকার দেখাবে।

এবার সামান্য হলুদ গুড়া ও মরিচ গুড়া দিন। মরিচ গুড়া দেখে শুনে, ঝাল কেমন খাবেন তা ভেবে চিন্তে! এই পর্যায়ে হাফ কাপ পানি দিতে পারেন।

ভাল করে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন, মিনিট ১৫ হলেই চলবে। আগুন হালকা আঁচ।

শুকনা হয়ে গেলে এবং আপনি যদি দেখেন চলবে তবে ধনিয়া পাতা ছিটিয়ে দিন এবং ফাইন্যাল লবণ দেখুন। লাগলে দিন, না লাগলে ওকে!

এমন চমৎকার রং ধরে যাবে। আর কেমন শুকনা রাখবেন সেটা আপনি ভেবে দেখতে পারেন।

ব্যস পরিবেশনের জন্য প্রস্তুত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে