মাংস খেয়ে হাঁপিয়ে উঠলে শুঁটকির বৈচিত্র্যময় স্বাদ আপনাকে কিছুটা স্বস্তি দিতে পারে। সঠিক প্রণালিতে রান্না করতে পারলে শুঁটকির মতো মজার খাবার খুব কমই আছে।
উপকরণ
কোরাল শুঁটকির ফিলে ১২৫ গ্রাম, লবণ অল্প, গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচ, আদাবাটা সিকি চা-চামচ, লেবুর রস আধা চা-চামচ ও কাঁচা মরিচ (মিহি করে কুচি) ২ চা-চামচ।
ব্যাটারের জন্য—ময়দা সিকি কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ডিম অর্ধেক, মরিচগুঁড়া আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পানি প্রয়োজনমতো ও তেল ডিপ ফ্রাইয়ের জন্য।
সিরাপের জন্য—সিরকা ৪ টেবিল চামচ, লেবুর রস ২ চা-চামচ, লবণ স্বাদমতো, রেড চিলি ফ্লেক্স ১ চা-চামচ, পানি ২ টেবিল চামচ, জলপাই তেল ১ টেবিল চামচ, পুদিনাপাতা ও রোস্টেও সাদা তিল সাজানোর জন্য, রসুনকুচি ২ চা-চামচ ও বাদামি চিনি ৫ টেবিল চামচ।
প্রণালি
শুঁটকি দেড় ইঞ্চি লম্বা করে কেটে তিন–চার ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে শুঁটকির টুকরাগুলো নিয়ে লবণ, গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচকুচি, আদাবাটা ও লেবুর রস দিয়ে মেখে ১৫-২০ মিনিট রেখে দিন। এর মধ্যে ময়দার সঙ্গে তেল ছাড়া অন্য সব উপকরণ একত্রে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করুন। ব্যাটার খুব বেশি পাতলা বা ঘন হবে না। প্যানে তেল গরম করে ১ টেবিল চামচ তেল ব্যাটারে ভালো করে মিশিয়ে নিন। মেরিনেট করা ফিলেগুলো ব্যাটারে গড়িয়ে গরম ডুবো তেলে মুচমুচে করে ভেজে তেল ছেঁকে উঠিয়ে পোর টাওয়েলে রাখুন। সিরাপের জন্য প্যানে অলিভ ওয়েল গরম করে রসুনকুচি সোনালি করে ভেজে নিয়ে তাতে লেবুর রস, সিরকা ও চিনি এবং পানি দিয়ে জ্বাল দিন। চিনি গলে গেলে লবণ ও রেড চিলি ফ্লেক্স দিয়ে নাড়ুন। সিরাপ ঘন হয়ে এলে ভেজে রাখা শুঁটকির ফ্রাইগুলো দিয়ে মিশিয়ে নিন। সার্ভিং ডিশে ঢেলে ওপরে তিল ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে নিন।

















